চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তারা হাজিগঞ্জ উপজেলাকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রাণচাঞ্চল্য বজায় রাখে এবং দর্শকদের মাতিয়ে রাখে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে নির্ধারিত সময়ে উভয় দলই সমানে সমান লড়াই করলেও কেউ গোলের দেখা পায়নি। মতলব উত্তর উপজেলার আক্রমণভাগ কয়েকটি সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে, হাজিগঞ্জের ফরোয়ার্ডরাও সুযোগ হাতছাড়া করায় গোলশূন্যভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারণ গড়ায় টাইব্রেকারে। শ্যুটআউটে দুই দল পাঁচটি করে শট নেয়, যার মধ্যে উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি শট মিস করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। মতলব উত্তরের পক্ষে টাইব্রেকারে গোলগুলো করেন ওমর সানি, নূরে আলম ও রাসেল। অপরদিকে, হাজিগঞ্জের হয়ে গোল করেন নাজমুল ও ওমর ফারুক।
ম্যাচটি উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা চলাকালীন গ্যালারিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর পৌরসভার সিইও হিমাদ্রি খিসা, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাহ, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও ফেরদৌস আলম বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেঙ্গারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, মতলব উত্তর টিম ম্যানেজার আশেক মাহমুদ সংগ্রাম, হাজিগঞ্জ দলের টিম ম্যানেজার জাহাঙ্গীর, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী ও জাহাঙ্গীর পাটোয়ারীসহ ক্রীড়া অঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিফাইনালের সূচি:
আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) ডিসি কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। এছাড়া ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে চাঁদপুর সদর উপজেলার মোকাবিলা করবে আজকের জয়ী দল মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
ফম/এমএমএ/


