চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের অন্তর্গত মাদ্রাসা রোডের যুবসমাজের উদ্যোগে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহম্মেদ পলাশের পৃষ্ঠপোষকতায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ।
তিনি তার বক্তব্যে বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুস্থ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম হাতিয়ার। একটি সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক একটি পরিবার, একটি সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই আমাদের সন্তানদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, যুবসমাজের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠে ফুটবলের লড়াই থাকবে, কিন্তু হৃদয়ে থাকবে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। আমরা চাই, তরুণরা মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের মেধা, মনন ও শক্তিকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাবে।
তিনি মাদ্রাসা রোডের যুবসমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের পাশে দাঁড়াতে হবে। খেলাধুলার মাঠকে প্রাণবন্ত রাখতে পারলে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সহজ হবে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহম্মেদ পলাশ বলেন, আমাদের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে এবং তাদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি তরুণ খেলার মাঠে আসুক, নিজেদের প্রতিভা বিকশিত করুক এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু বক্তব্য নয়, প্রয়োজন বাস্তব উদ্যোগ। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। ভবিষ্যতেও যুবসমাজকে নিয়ে এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
আয়োজক যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফুটবল খেলার মাধ্যমে যুবসমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক আক্তার হোসেন সরকার, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের মিন্টু দেওয়ান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (টিটু), সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিজি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মাদ্রাসা রোডের মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। মাঠজুড়ে ফুটবলের প্রতিযোগিতার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।
ফম/এমএমএ/


