জেলা প্রশাসক গোল্ডকাপ : সেমিফাইনালে ফরিদগঞ্জ

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে সহজ জয় তুলে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

রোববার (১৫ নভেম্বর‌) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা ৩-০ গোলে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ দল।

​বিগত টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট দল নিয়ে মাঠে নামে ফরিদগঞ্জ। জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার রেজাউল করিম রেজার নেতৃত্বে দলটি শুরু থেকেই শক্তিশালী ও গোছানো আক্রমণ পরিচালনা করে। প্রথমার্ধে কচুয়া দল সমান তালে লড়াই করে ফরিদগঞ্জকে আটকে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

​প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরিদগঞ্জের এক ফরোয়ার্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কচুয়ার রক্ষণভাগ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে ফরিদগঞ্জকে ১-০ গোলের লিড এনে দেন পুষ্প।

​দ্বিতীয়ার্ধে ফরিদগঞ্জ আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ১৪ নম্বর জার্সিধারী নাজমুল হোসেন কচুয়ার রক্ষণভাগে ধস নামান। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি একাই পরপর দুটি গোল করে দলের জয়কে নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ উপজেলা দল। খেলায় কচুয়ার তুলনায় ফরিদগঞ্জ দলের সমর্থকদের উপস্থিতি ও উল্লাস ছিল চোখে পড়ার মতো।

​রোববারের এই জমজমাট ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​এ সময় উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক,​ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক​কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন,​চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ও বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু।

​বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম