ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, বাকি জীবন মানুষের সেবায় কাটাতে চাই

ইউনিয়নের স্থানীয় লোকদের সাথে গণসংযোগকালে কথা বলছেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল ইসলাম, স্থানীয়দের কাছে পরিচিত ‘নুরু মাওলানা’ নামে। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কর্মকাণ্ড এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন এই প্রবীণ রাজনীতিক ও সমাজসেবী।

নুরুল ইসলামের নির্বাচনী মাঠে আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশায় ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গণসংযোগ করছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরছেন তিনি।

মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করলেও কর্মজীবনে ব্যবসাকে বেছে নেন নুরুল ইসলাম। একজন উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেখানে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। ব্যবসায়িক অঙ্গনেও রয়েছে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

রাজনৈতিক জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নুরুল ইসলাম। সর্বশেষ তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে দলীয় নির্দেশনা অনুযায়ী পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে ইউনিয়ন বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনের নানা সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে দলের সঙ্গে ছিলেন নুরুল ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলার আসামি হওয়া এবং নির্যাতনের আশঙ্কায় নিজ বাড়িতে স্বাভাবিকভাবে অবস্থান করতে না পারার অভিজ্ঞতাও রয়েছে তার। ওই সময় পরিবার থেকে দূরে বিভিন্ন স্থানে দিন কাটাতে হয়েছে তাকে। প্রতিকূল পরিস্থিতিতেও রাজনৈতিক অবস্থান পরিবর্তন না করে দলের প্রতি আনুগত্য বজায় রেখেছেন বলে জানান তার ঘনিষ্ঠজনেরা।

রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রয়েছে নুরুল ইসলামের। তিনি কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

তরুণ ভোটারদের কাছেও জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। ছবি: ফোকাস মোহনা.কম।

সম্প্রতি তার নির্বাচনী গণসংযোগে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও সামাজিক সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক অধিকার, সুযোগ-সুবিধা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব দেবেন। বিশেষ করে সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তার সমর্থকেরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বয়সের এই পর্যায়ে এসে নুরুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পেছনে ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে মানুষের সেবা করার আকাঙ্ক্ষাই বেশি গুরুত্ব পাচ্ছে বলে তারা মনে করেন। তার পরিবার স্বচ্ছল এবং সন্তানরাও প্রতিষ্ঠিত। ফলে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে তার। তবে নির্বাচনে জয়ী হলে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে বলেও মনে করেন তারা।

গণসংযোগকালে নুরুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, আমি আপনাদেরই সন্তান। এর আগেও আপনাদের কাছে ভোট ও দোয়া চেয়েছি। আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, সম্মানিত করেছেন। আপনাদের কাছে আমি ঋণী। জীবনের শেষ পর্যায়ে এসে আমার আর ব্যক্তিগতভাবে কিছু চাওয়া-পাওয়ার নেই। বাকি সময়টুকু আপনাদের সেবা করে কাটাতে চাই। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, দল আমাকে সমর্থন দিলে এবং নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রত্যেক নাগরিকের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। এলাকার মানুষের সমস্যা ও সংকটে পাশে থাকার চেষ্টা করব। আমার কাছে এসে কোনো মানুষ যেন সমাধান না পেয়ে ফিরে না যান, সেই নিশ্চয়তা দিতে চাই। দিন-রাতের হিসাব না করে মানুষের প্রয়োজনে সাড়া দেব। আপনারা ডাকলে আপনাদের কাছে পৌঁছে যাব।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম