ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এইচ.এম.এ. আলী আকবর রনি নামে এক চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারী নারী ও স্থানীয়দের বক্তব্য শুনেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার বন্ধ রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানটির চেম্বার বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত চিকিৎসক স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রূপসা (উত্তর) ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ ও পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতের ক্যাপ লাগানোর জন্য তিনি চিকিৎসক আলী আকবর রনির কাছে যান। চিকিৎসার একপর্যায়ে তাঁকে একা পেয়ে চিকিৎসক তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন এবং পরে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। এরপর তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।

ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিমকে বিষয়টি জানানো হয়। তিনি চেম্বারে গিয়ে ওই নারীর কাছ থেকে অভিযোগের বিস্তারিত শোনেন। এ সময় তাঁর ভাইও উপস্থিত ছিলেন। আজিমের ভাষ্য অনুযায়ী, অভিযোগের বিষয়ে চিকিৎসক বলেন, চিকিৎসার সময় রোগীর শরীরে হাত লাগতে পারে। পরে ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। এরপর ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করেন।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, ৯৯৯-এ কল পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। তবে চেম্বারে গিয়ে অভিযুক্ত চিকিৎসককে পাওয়া যায়নি। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তাৎক্ষণিকভাবে তিনি অভিযোগ করেননি।

অভিযুক্ত আলী আকবর রনি মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, পুরো বিষয়টি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অন্য এক প্রার্থীর লোকজন এ ঘটনা সাজিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল বলেন, চিকিৎসক আলী আকবর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন বিষয়টি সাজিয়েছেন বলে তিনি মনে করেন। একজন চিকিৎসক সব সময় শালীনতা বজায় রেখেই কাজ করেন বলেও মন্তব্য করেন তিনি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী তাঁদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা তাঁদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম