চাঁদপুর : মেয়াদোত্তীর্ণ কিট ও বার্গার বন সংরক্ষণ, ডায়াগনস্টিক পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চাঁদপুরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আদালত পাড়া রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ কিট সংরক্ষণ এবং ডায়াগনস্টিক পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়ের অপরাধে কিউরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে সাইফুল ভায়ের দোকানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বার্গার বন বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে লেভেল ক্যাফেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বেচ্ছায় পরিশোধ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


