ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের ফ্ল্যাগস্ট্যান্ডটি খালি পড়ে আছে। সেখানে উড়ছিল না জাতীয় পতাকা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে দপ্তরটিতে গিয়ে এ চিত্র চোখে পড়ে। নিয়ম অনুযায়ী কর্মদিবসে সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের কথা থাকলেও তা মানেনি এই সরকারি দপ্তর। অভিযোগ উঠেছে, এই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।
সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কর্মদিবসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। একই সঙ্গে যথাযথ সম্মানসহ নিয়ম মেনে পতাকা উত্তোলন ও নামানোর নির্দেশনাও রয়েছে। কিন্তু ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসব নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, এ পতাকার জন্য জীবন বাজী রেখে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা দেখে নতুন প্রজন্মের হৃদয়ে দেশ প্রেম জন্ম নিবে।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। তার মানে হলো তারা সরকারি চাকুরি করে স্বাধীন এ দেশকে স্বীকার করেনা। এটা অনিয়ম, এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হউক।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ মনোহর শর্মা বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করি। সরকারি দপ্তরে পতাকা উত্তোলনের বিষয়ে কোন নিয়মে নিষেধ আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে যদি নিয়ম লঙ্ঘন হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/


