ফ্রেন্ডস এসোসিয়েশনের আয়োজনে নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মতলব উত্তর (চাঁদপুর): ফ্রেন্ডস এসোসিয়েশন মতলব উত্তর এর আয়োজনে নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ) বিকালে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। খেলায় অংশগ্রহণ করে রেপার শুভ স্পোর্টিং ক্লাব বনাম মামুন বন্ধুমহল ফুটবল একাদশ।

বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ওবায়দুল্লাহ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির লস্কর, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়াজী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক এরফান হোসেন ভুট্টু, সদস্য সচিব মাহমুদুল হক চৌধুরী, ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম টিটু সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। আমি বিশেষভাবে তরুণ সমাজকে বলতে চাই, মাদক আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ সমস্যা। মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলা ও ভালো কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে হবে। মনে রাখবেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আমি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানাই এবং অংশগ্রহণকারী সব দলের সফলতা কামনা করি। জয়-পরাজয় বড় কথা নয়, খেলোয়াড়সুলভ মনোভাবই হোক আমাদের মূল শক্তি।
২-০ গোলে রেপার শুভ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মামুন বন্ধুমহল ফুটবল একাদশ বিজয়ী হয়।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম