জেলা প্রশাসক গোল্ডকাপ : ফাইনালে চাঁদপুর সদর

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা। এই জয়ের মাধ্যমে ২৮ নভেম্বর টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিল চাঁদপুর সদর।

​বুধবার (২৫ নভেম্বর) সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চাঁদপুর সদর উপজেলা। খেলার প্রথমার্ধে দলকে দারুণভাবে এগিয়ে নেন ২০ নম্বর জার্সি পরিহিত ফরওয়ার্ড শাওন। পৃথক দুটি আক্রমণ থেকে পরপর দুটি লক্ষ্যভেদ করে প্রথমার্ধেই দলকে ২-০ গোলের শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি।

​দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর উপজেলা। একের পর এক আক্রমণ সাজিয়ে চাপ তৈরি করে তারা। খেলার শেষ দিকে চমৎকার একটি আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোল করে মতলব উত্তরের হয়ে ব্যবধান কমান আলামিন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

​রুদ্ধশ্বাস এই সেমিফাইনাল উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ।
এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংগঠকরা।

ফম/এমএমএ/

​চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম