চাঁদপুর: বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনাল ম্যাচে লড়বে শক্তিশালী মতলব উত্তর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল।
জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হাইমচরকে হারিয়ে চাঁদপুর সদর ও শাহারাস্তিকে হারিয়ে মতলব উত্তর সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । এ টুর্নামেন্টে ইতিমধ্যে মতলব দক্ষিণ কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলা।
সেমি ফাইনাল খেলা নিয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনুর সাথে মঙ্গলবার রাতে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, মাঠ খেলার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে। এ খেলাটি কয়েকদিন আগে হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে দুদলই খেলতে আপত্তি জানালে খেলার তারিখ পিছিয়ে দেওয়া হয়। আশা করি দর্শকরা মাঠে এসে খেলা দেখবেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করবেন।
ফম/এমএমএ/


