চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে রিভার্স অসমোসিস (RO) পানির ফিল্টার স্থাপন করেছে বাগাদী সমাজসেবা ফাউন্ডেশন।
সোমবার (২৩ নভেম্ব) দুপুরে ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে স্থাপিত ফিল্টারটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, ফাউন্ডেশনের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সবাই ফিল্টারের পানি পান করে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এর আগে স্কুলে সুপেয় পানির জন্য কোনো ফিল্টার বা পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। নতুন এই পানির ফিল্টার স্থাপনের ফলে এখন থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সবাই উপকৃত হবেন।
বাগাদী সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়কে ঘিরে তাদের আরও কিছু উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এলাকার শিক্ষা ও জনকল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সংগঠনটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করা হয়েছে।
এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতোমধ্যে সড়ক সংস্কার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। সমাজের ভালো কাজে অংশগ্রহণ আছে সংগঠনের প্রত্যেক সদস্যের। বাগাদী ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য তাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফম/এমএমএ/


