চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধে বিসিক শিল্পনগরীতে অবস্থিত আরিয়ান ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিতভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে সস ও আচার তৈরি এবং নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় এ অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অনুমোদন ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সব মিলিয়ে অভিযানে তিনটি মামলা দায়ের করে তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যের মান নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


