মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কেএফটি কলেজ অ্যান্ড স্কুলের একটি বাসের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধনারপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর ঢাকা মেট্রো স-১২-০১০৮। চালক হিসেবে নুরুল ইসলামের নাম জানা গেছে।
আহত দুই কিশোর হলো দগরপুর গ্রামের মরহুম আলমগীর হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (১৭) এবং কচুয়া উপজেলার কান্দিরপার গ্রামের নজরুল ইসলামের ছেলে শহীব হোসেন (১৬)।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ও জটিলতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর বাসচালক নুরুল ইসলাম আহতদের উদ্ধার বা সহযোগিতা না করে বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় চালকের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
আহত ইব্রাহিমের চাচা সাংবাদিক মো. তপছিল হাছান বলেন, ভাতিজার গুরুতর আহত হওয়ার ঘটনায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। বর্তমানে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রধান চিন্তা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/


