শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এ ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন।

প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এমন আয়োজন করতে দেখে ভালো লাগছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের পাশে থেকে তিনি সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দাবা খেলার মধ্য দিয়ে মাসব্যাপী ক্রীড়া উৎসবের মূল প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও মোঃ হানিফ মিয়াজী।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের নেতারা।

মাসব্যাপী এ ক্রীড়া উৎসবের মাধ্যমে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম