এসএসসি সাফল্যে খিলাবাজার স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তি (চাঁদপুর): এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতি জোরদারে নিয়মিত পরীক্ষা, শিক্ষকদের হোম ভিজিট, মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ এবং আবাসিক ব্যবস্থা চালুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক ও খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মাহবুব আলম।

এ সময় সাবেক সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, সাবেক শিক্ষক জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমরান হোসাইনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাউসার আলম।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত মূল্যায়নের লক্ষ্যে প্রতি ৭ থেকে ১৫ দিন অন্তর ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে মত দেন বক্তারা।

এ ছাড়া শিক্ষার্থীদের পারিবারিক পরিবেশ ও পড়াশোনার খোঁজখবর নিতে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের (হোম ভিজিট) প্রস্তাব উঠে আসে। ছেলে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের অভ্যন্তরে রাতে আবাসিক বা হোস্টেল ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে টাচস্ক্রিন মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দেওয়া হয়।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সারা বছর নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও দুর্বলতা বিবেচনায় নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু পরীক্ষার ফল প্রকাশের পর নয়, সারা বছরই শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম