চাঁদপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত তিন শিশুসহ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।
ফেরিতে থাকা যাত্রী আলি আজগর জানান, বাল্কহেডের ধাক্কায় বাসের পাশে শিশুরা আটকে পড়ে। যাত্রীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সহায়তা করেন।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, চরের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির বাল্কহেডটি ফেরিকে ধাক্কা দেয়।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালানোর চেষ্টা করলে নৌ-পুলিশ সেটি জব্দ করে। বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ফম/এমএমএ/


