চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার দলগত কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সমন্বয়ে গঠিত দল।প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দিনব্যাপী এ জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল রবিউল্লাহ, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলগত কার্যক্রম। এ পর্বে ১০ জন করে অংশগ্রহণকারী নিয়ে মোট ১০টি দল গঠন করা হয়। প্রতিটি দলকে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দেওয়া হয়। বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় এবং প্রেজেন্টেশন প্রস্তুতের জন্য দলগুলোকে ৩০ মিনিট সময় দেওয়া হয়। পরে প্রতিটি দল থেকে একজন প্রতিনিধি তিন মিনিটের মধ্যে নিজ দলের প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।
এ প্রতিযোগিতামূলক কার্যক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সমন্বয়ে গঠিত দলটি নিজেদের পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের এ অর্জন সংগঠনটির সাংগঠনিক ও সৃজনশীল কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন। জাতীয় পর্যায়ের এ কর্মশালায় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল হয়েছে।
ফম/এমএমএ/


