চাঁদপুর : শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। মাদক, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
কলেজের শিক্ষক সবিতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।
এ সময় বক্তব্য দেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ও প্রথম বর্ষের শিক্ষার্থী সাউদা আক্তার।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, মো. সালমান শেখ, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল ও সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারীসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণের মধ্য দিয়ে নতুন শিক্ষাজীবনের পথচলাকে স্বাগত জানানো হয়।
ফম/এমএমএ/


