চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ‘ইউ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক, চান্দ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শাহজাহান খান। অনুষ্ঠানে তিনি বলেন, মাদক আজ আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, চান্দ্রা ইউনিয়নে যারা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা দ্রুত এই অপকর্ম পরিত্যাগ করুন। সমাজের মূলধারায় ফিরে আসতে চাইলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতেও সহযোগিতা করব।
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চা ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুয়েল হক গাজী, বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোক্তার হোসেন গাজী, মো. আল-আমিন গাজী, অ্যাডভোকেট আমজাদ হোসেন এবং মো. জাকির হোসেন।
টুর্নামেন্টের আয়োজক ফয়সাল, কামরুল, রিয়াদ, রহিম ও সজিব জানান, তরুণদের মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত অতিথিরা তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ফম/এমএমএ/



