চাঁদপুরে শিশুচুরির নাটক, একদিন পর বের হলো দত্তক দেওয়ার তথ্য

সংবাদকর্মীর সাথে কথা বলছেন শিশুর প্রকৃত পিতা-মাতা।

চাঁদপুর : চাঁদপুর শহরে আট মাসের কন্যাশিশুকে অটোরিকশা থেকে অচেতন করে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হলেও একদিন পর বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ জানিয়েছে, শিশুটিকে চুরি করা হয়নি; বরং মা-বাবার সম্মতিতে এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে দেওয়ার পর বিষয়টি গোপন রাখতে চুরির নাটক সাজানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাটি গত বৃহস্পতিবার (৩০ জুলাই) শহরের মিশন রোড এলাকায় ঘটে বলে দাবি করেছিলেন শিশুটির মা শিউলি বেগম। তিনি জানিয়েছিলেন, অটোরিকশায় থাকা এক নারী তাকে অচেতন করে তার কোলে থাকা আট মাসের শিশু লামিহা ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে রাস্তার পাশে তাকে পাওয়া যায়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর শনিবার (১ আগস্ট) বিকেলে শিশুটির কথিত দত্তকগ্রহীতা ইয়াসিন আক্তার ওরফে কামরুল নিজেই চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে বিষয়টি জানান। তিনি ও তার স্ত্রী জেসমিন দীর্ঘদিন নিঃসন্তান থাকায় শিউলি বেগমের কাছ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে আদালতের অ্যাফিডেভিটের কাগজও তারা পুলিশকে দেখান।

শিশুটির বাবা লিটন দাবি করেন, স্ত্রী শিউলি তাকে না জানিয়েই এ কাজ করেছেন। অন্যদিকে শিশুটির নানি জানান, অভাবের কারণে এমন ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এদিকে শিশুর মা শিউলি বেগম বলেন, তার স্বামী গত দুই মাস কোন কাজ করেননি। সংসার চলে না এবং শিশুদের দুধ খাওয়ানোর টাকা নেই। যে কারণে তিনি এই কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, শিশুটির মা শিউলি ও বাবা লিটনের সম্মতিতেই শিশুটিকে ওই দম্পতির কাছে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে শিশুটি তাদের কাছেই নিরাপদে রয়েছে। বিষয়টি দুই পরিবার ও আদালতের সংশ্লিষ্টতার বিষয়।

ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম