সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চলবে না : এমপি মানিক

চাঁদপুর : চাঁদপুরে সরকারি সম্পত্তি ও রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করা, নদী দখল ও ভরাট বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, সরকারি জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করবে, তা হতে দেওয়া হবে না। এটি কি মগের মুল্লুক যে, যার ইচ্ছা সে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করবে?

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় এমপি মানিক বলেন, বৈধ লিজ ছাড়া যারা সরকারি ও রেলওয়ের জায়গা দখল করে রেখেছেন, তাদের উচ্ছেদ করতে হবে। সরকারি সব দপ্তরকে নিজ নিজ সম্পত্তির দখল বুঝে নিয়ে অবৈধ দখলমুক্ত করতে হবে।

চাঁদপুরে ৪৬টি বৈধ ইটভাটার বিপরীতে ৪৮টি অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের চোর-পুলিশ খেলা চলবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্যের দোকান বন্ধ, পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া নিরাপদ পানির সংকট ও আর্সেনিক সমস্যা সমাধান, এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ এবং নদী দখল ও ভরাট বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। নদীর জায়গা দখল করে ইট-বালুর ব্যবসা ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনে মামলা করার নির্দেশনাও দেন তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম