চাঁদপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চাঁদপুরে এ পরীক্ষা ঘিরে উঠেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ। বিশেষ করে আসনবিন্যাসে কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকদের। এতে পরীক্ষার নিরপেক্ষতা ও প্রকৃত মেধা যাচাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় দেশব্যাপী একযোগে এ পরীক্ষা শুরু হয়। চাঁদপুর জেলায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
অভিভাবকদের অভিযোগ, জনপ্রতি ৩৫০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হলেও পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আসন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুমের ব্যবস্থা ছিল না। পাশাপাশি ছিল মশার উপদ্রব ও আসনবিন্যাসে নানা জটিলতা। একই বেঞ্চে তিন থেকে চারজন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আসনবিন্যাস নিয়ে। অভিভাবকদের দাবি, মর্ডান শিশু একাডেমি ও ওয়াইডব্লিউসির একই শ্রেণির শিক্ষার্থীদের একই বেঞ্চে পাশাপাশি বসিয়ে পরীক্ষা দিতে দেখা গেছে। এমনকি একই প্রতিষ্ঠানের একই শ্রেণির একাধিক শিক্ষার্থী পাশাপাশি বসায় পরীক্ষার স্বাভাবিক প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যাহত হয়েছে। এতে কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পেয়েছে বলে অভিযোগ তাঁদের।
তাদের প্রশ্ন, যেখানে একটি বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত মেধা ও যোগ্যতা যাচাই, সেখানে একই প্রতিষ্ঠানের একই শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি বসিয়ে পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক? এ ধরনের আসনবিন্যাসে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা কতটুকু বজায় থাকে, তা নিয়েও তাঁরা সংশয় প্রকাশ করেন।
তাঁদের আরও অভিযোগ, পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদেরও একই বেঞ্চে তিন থেকে চারজন করে বসানো হয়েছে। এতে শিশুদের স্বাভাবিকভাবে প্রশ্নপত্র পড়া ও উত্তর লেখায় সমস্যা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়ার পরও একটি সুশৃঙ্খল ও শিশুবান্ধব পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি আয়োজকরা। তাঁদের দাবি, শুধু পরীক্ষা আয়োজন করলেই দায়িত্ব শেষ হয় না।
সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা সুন্দরভাবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
তবে অভিভাবকদের উত্থাপিত আসনবিন্যাসের অসংগতি, একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বসানো এবং কিছু প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার উদ্দেশ্যে বৃত্তি পরীক্ষা আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আয়োজনের নামে অনিয়ম, বৈষম্য কিংবা কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ পুরো পরীক্ষার গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। তাই অভিযোগগুলো তদন্ত করে ভবিষ্যতে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
ফম/এমএমএ/


