চাঁদপুর সরকারি কলেজে জিপিএ-৫ পাওয়া ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর : চাঁদপুর সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে অন্যান্য অতিথিদের সঙ্গে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। যারা জিপিএ-৫ অর্জন করেছে, এটি তাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। তবে এই সাফল্যই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মাননানের সভাপতিত্বে এবং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আলমগীর হোসেন বাহার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, কৃতী শিক্ষার্থী জাহিদুল ইসলাম নিহাল ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম