কচুয়ায় বসতঘরে হামলা-মারধর-স্বর্ণালংকার লুটের অভিযোগ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সদস্যদের গুরুতর আহত করার অভিযোগে ৮ জনকে আসামি করে কচুয়া আমলী আদালতে সি.আর মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মীর হোসেন। গত ১০ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সোমবার বিকেল ৩টা টায় কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের বাদী মীর হোসেনের বসতবাড়ির প্রবেশমুখে মেইন সড়কের পূর্ব পাশে খলিলুর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মামলার আসামীরা হলেন, মো. জাকির হোসেন (৫৩), মো. হারুনুর রশিদ মিলন (৫৬), মো. সুলতান হোসেন কিরণ (৫৫), নূর আলম (২৩), মোছা. রুজিনা (৩০), মোছা. নূরজাহান (৪৫), মোছা. লিপি (২৮) ও মোছা. রুবি (২২)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায় , দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করেছেন। একই বাড়িতে বসবাসের সুবাদে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৩৯৭/২০২৬ নম্বরে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে সহকারী কমিশনার (ভূমি), কচুয়ার নির্দেশে সংশ্লিষ্ট তহশিলদার ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করেন। তদন্ত শেষে তিনি চলে যাওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ১ নম্বর আসামি জাকির হোসেন ইট দিয়ে বাদী মীর হোসেনের মাথায় আঘাত করার চেষ্টা করেন। বাদী হাত দিয়ে তা প্রতিহত করতে গেলে তাঁর বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয়। এ ছাড়া ২ নম্বর আসামি তাঁকে বুকে, পিঠে ও কোমরে আঘাত করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্বাক্ষীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

হামলায় ১ নম্বর স্বাক্ষীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং চিকিৎসা নিতে গিয়ে মাথায় তিনটি সেলাই দিতে হয়। ২ নম্বর স্বাক্ষীকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে চোখের ক্ষতি করার চেষ্টা করা হয়। এ সময় তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। অন্য দুই স্বাক্ষীর ওপরও হামলা চালানো হয়। তাঁদের মধ্যে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাতের বৃদ্ধাঙ্গুল থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

বাদী অভিযোগ করেন, হামলার ঘটনায় আহত হয়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার সুযোগে আসামিরা তাঁর বসতঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আলমারিতে রাখা প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যান। এ ছাড়া মামলা দায়ের কিংবা আদালতে সাক্ষ্য দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী মীর হোসেন জানান, আমাদের বাড়ির এই পথ দিয়ে দীর্ঘ ৫০ বছর যাবৎ আমরা চলাচল করে আসছি। কিন্তু কিছুদিন পূর্বে চলাচলের রাস্তাটি বিক্রি করার পরিকল্পনা করে বিবাদীরা। বাড়ির পথ বন্ধ করার অপচেষ্টার কারণে বাধ্য হয়ে আমরা আদালতের শরণাপন্ন হই এবং আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আদেশ জারির পর থেকেই তাদের সাথে আমাদের বিরোধ আরও তীব্র হয়। মূলত এই বিরোধের জের ধরেই আমার বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি মামলার সব আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে ন্যায়বিচার কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে ১ নম্বর আসামি জাকির হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে ব্যবহৃত মুঠোফোন (০১৭১–৬৪) নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম