সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা হবে: এসপি রবিউল হাসান

প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তারা পুলিশের খাতায় নাম লিখায়। তার আগে তারা আপনাদের ভাই আপনাদের প্রতিবেশী কিংবা আপনাদের সন্তান থাকে। যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক নির্মূল করা হবে।

শনিবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা সড়কে স্থানীয় জনসাধারণ আয়োজিত কিশোরগ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ প্রশাসন থাকতে এই এলাকায় মাদক কারবারি, কিশোরগ্যাং ও চাঁদাবাজ কেউই থাকতে পারবে না।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো, শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সম্পাদক হযরত আলী ঢালী।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমেদ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

বক্তারা বলেন, একসময় হানারচর ইউনিয়নে চোর ডাকাত ছিল, তাদেরকে কঠিনভাবে দমন করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের এক সপ্তাহ সময় নির্ধারণ করা হলো, তারা যদি সে পথ থেকে ফিরে না আসে তাহলে কঠোরভাবে নির্মূল করা হবে।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম