
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা করার সময় চার কিশোরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি উপজেলার ছিকুটিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এএসআই (নিঃ) মো. মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছিকুটিয়া ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় ১২ থেকে ১৭ বছর বয়সী চার কিশোরকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের ভাষ্য, রাতে ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে কিশোররা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকেরা থানায় এসে ভবিষ্যতে রাতে এভাবে ঘোরাফেরা না করার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেন।
পুলিশ আরও জানায়, কিশোরদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় প্রথমবারের মতো তাদের সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে তারা যেন রাতে অপ্রয়োজনে ঘোরাফেরা না করে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।
ফম/এমএমএ/



