শাহরাস্তিতে যানজট নিরসনে কঠোর সিদ্ধান্ত, রাত ৮টার পর লোড-আনলোডের নির্দেশ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা ও অবৈধ পার্কিং বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে পৌর প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত থেকে যানজট নিরসনে তাঁদের মতামত তুলে ধরেন। সবার মতামতের ভিত্তিতে শহরের যানজট নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে মালামাল লোড-আনলোডের কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কার্যক্রম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, পৌর প্রকৌশলী মাহবুব হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান, উপসহকারী প্রকৌশলী নোমান হোসেন, ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক গনি, পৌর প্রধান অফিস সহকারী নজরুল ইসলামসহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে শাহরাস্তি বাজারের যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম