
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২০ জুলাই ফোকাস মোহনাসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ ‘সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, বেড়িবাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তখনই উপজেলা প্রশাসন থেকে জানানো হয় দ্রুত ড্রেজার পাইপ অপসারণ করা হবে।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সংবাদ প্রকাশের পর গত কয়েকদিন উপজেলা প্রশাসন ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ যৌথভাবে পুলিশের সহযোগিতা নিয়ে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে বাঁধের জন্য ঝুঁকিপূর্ণ ষাটনল ইউনিয়নের সুগন্ধি, সটাকি, মোহনপুরসহ বিভিন্ন স্থানে স্থাপন করা পাইপগুলো অপসারণ করেন। পাশাপাশি সকল পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন বলেন, বাঁধের ক্ষতিকর অবৈধ এই পাইপগুলো আমরা প্রশাসনের সাথে যৌথভাবে অপসারন করি। বাঁধটি তথা প্রকল্পটি টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ধনাগোদা সেচ প্রকল্প একটি বৃহৎ প্রকল্প। এটি টিকিয়ে রাখতে অবৈধভাবে বাঁধের জন্য ক্ষতিকর এই পাইপগুলো অপসারণ করা হয়েছে। ড্রেজার মালিকদের সঠিক নাম পাওয়া যায়নি। প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয়রা তাদের তথ্য দিতে চায়নি। এরপর এরকমটা হলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।



