চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে রাস্তা নির্মাণকাজ না করেই প্রকল্পের বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান সরদার। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে ওই রাস্তার কাজ না কার সত্যতা মিলেছে।
স্থানীয় বাসিন্দা হাকিম আলী সরকার বলেন, রাস্তা দিয়ে এলাকার কয়েকটি বাড়ির লোকজন চলাচল করে। রাস্তা ইট দিয়ে পাকা করার জন্য বরাদ্দ হলেও কাজ করা হয়নি।
আরেক বাসিন্দা মোজাম্মেল হোসেন মিয়াজী বলেন, এই রাস্তাটি না হওয়ায় অনেক ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে। আর বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে।
এদিকে গত ১০ জুন ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে কামরুল হাসান সরদার উল্লেখ করেন, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আবেদন আলী সরদারের বাড়ি থেকে মজুমদার বাড়ি হয়ে আয়েত আলী ইঞ্জিনিয়ারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সলিং রাস্তা নির্মাণের একটি প্রকল্প নেওয়া হয়।
আবেদনে তিনি জানান, প্রকল্পের কিছুদিন পর মামুন সরকার নামের এক ব্যক্তি ওই রাস্তা পরিদর্শনে এসে তাঁর সঙ্গে পরিচিত হন। ওই ব্যক্তি নিজেকে মরহুম আয়েত আলী ইঞ্জিনিয়ারের ভাতিজা পরিচয় দিয়ে কয়েক দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু তিন থেকে চার মাস পার হয়ে গেলেও রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়নি।
আবেদনকারীর অভিযোগ, পরে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জানতে পারেন, রাস্তাটির কাজ না করেই অন্য রাস্তার ছবি ব্যবহার করে প্রকল্পের বিল উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে প্রকল্পের বাস্তবায়ন ও বিল উত্তোলনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মরহুম আয়েত আলী ইঞ্জিনিয়ার আশির দশকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ছিলেন। তাঁর দায়িত্ব পালনকালে মতলব উত্তরের ধনাগোদা বেড়িবাঁধসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচটি বেড়িবাঁধ নির্মিত হয়। তাঁর গ্রামের বাড়ি ফতেপুর গ্রামে। একই ইউনিয়নে সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের বাড়িও অবস্থিত বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
কামরুল হাসান সরদার তাঁর আবেদনে জেলা পরিষদ প্রশাসকের কাছে সরেজমিন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। অন্যথায় বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হবেন বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।
বিষয়টি অবগত হওয়ার পর জেলা পরিষদরে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, কাজটি কেন হয়নি দেখা হবে। তদন্ত করার জন্য একজন প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হবে। তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/


