মেঘনার বড় ইলিশে খরচ উঠছে জেলেদের, কমেছে ক্রেতা

চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনায় আহরিত ইলিশ গতবছরের তুলনায় কিছুটা কমেছে। পাশপাশি উপকূলীয় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে। বড় সাইজের ইলিশ পাওয়ায় খরচ মিটাতে পারছে জেলেরা। ব্যবসায়ীরা বলছে ইলিশ থাকলেও ক্রেতা আগের মত নেই। আগে ঘাটে বিক্রি হলেও এখন বেশিরভাগ ইলিশ শহরে বিক্রির জন্য চলে যায়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন ইলিশের আড়তে গিয়ে দেখাগেছে ইলিশ কেনাবেচার হাকডাক। পাশাপাশি ছোট-বড় সাইজের পাঙ্গাশ ও আইড় মাছও ধরা পড়ছে জেলেদের জালে।

আড়তে মাছ বিক্রি করতে এসেছেন ইসমাইল রাঢ়ি নামের জেলে। তিনি বলেন, বড় সাইজের ইলিশ পেয়েছেন ৪টি। বিক্রি করেছেন ৭হাজার টাকা। ছোট সাইজের ইলিশ পেয়েছেন বেশকিছু এবং সাথে রয়েছে পাঙ্গাশের পোনা। সেগুলো ডাকে বিক্রি করেছেন। মূলত এই আড়তে মাছ হালিতে বিক্রি হয়।

হরিণা মাছঘাটের ব্যবসায়ী জসিম সৈয়াল বলেন, গত কয়েকদিন নদীতে ইলিশ ধরা পড়ছে। বেশিরভাগ ইলিশের ওজন ৮শ’ থেকে ৯শ’ গ্রাম। এসব ইলিশ প্রতিকেজি পাইকারি বিক্রি হচ্ছে ২হাজার ৩শ’ থেকে ৪শ’ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২হাজার ৭শ’ থেকে ৮শ’ টাকা। আর এক কেজি ওজনের বেশি ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩হাজার থেকে ৩২শ’ টাকা। আর ছোট সাইজের ৫ থেকে ৬টায় কেজি ৭শ’  থেকে ৮শ’ টাকা।

পাশের আড়তের ব্যবসায়ী মো. ইব্রাহীম জানালেন, ইলিশের পাশাপাশি পাঙ্গাশ মাছ ধরা পড়ছে নদীতে। বড় সাইজের পাঙ্গাশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১হাজার থেকে ১১শ’ টাকা। ছোট সাইজের পাঙ্গাশ প্রতিকেজি ৫শ’ থেকে ৬শ’ টাকা। আর আইড় মাছ প্রতিকেজি ৮শ’ থেকে ৯শ’ টাকা।

ইলিশের পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর গাজী বলেন, নদীতে পানি বাড়ায় আগের চাইতে মাছ ধরা পড়ছে বেশি। তবে ইলিশ মাছের ক্রেতা খুবই কম। আগে ঘাটে জেলেরা ইলিশ আনলে তাৎক্ষনিক বিক্রি হয়েছে। এখন বরফ দিয়ে রাখতে হয় অনেকের। পরে এসব ইলিশ শহরে বিক্রির জন্য নিয়ে যায় খুচরা বিক্রেতারা।

ঘাটের প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, গত বছর এই সময় ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ইলিশ প্রতিকেজি বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩২শ’ টাকা। এখন দাম ৫শ’ থেকে ৬শ’ টাকা কমেছে। ছোট সাইজের ইলিশের সংখ্যা কমেছে। কিন্তু ইলিশের জালে এখন ধরা পড়ছে ছোট-বড় পাঙ্গাশ।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ইলিশ পাচ্ছে  জেলেরা। বর্ষা মৌসুম যত আগাবে নদীতে মাছের বিচরণ বাড়বে। এবার জাটকা রক্ষা অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের পাশাপাশি প্রচুর পরিমানে পাঙ্গাশ পাওয়া যাচ্ছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম