মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় : এমপি মানিক

চাঁদপুরে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর:  “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশ, চাঁদপুর এ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রয় ও বিস্তারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উপস্থিত আলেমদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এলাকায় মুসল্লিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবে। তাহলে ওই এলাকায় মাদক ব্যবসায়ী থাকবে না। আমরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েছি, মাদক ব্যবসায়ীদের দুই মাস পুলিশ হেফাজতে মাদরাসায় রাখব। এভাবে যদি তারা সংশোধিত হয়, তাহলে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম । তিনি বলেন, কোনো গডফাদার যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তারও কোনো ছাড় নেই। আজকে আমাদের যে আন্দোলন, এটা সবার আন্দোলন। আমাদের এ আন্দোলন এখন সামাজিক আন্দোলনে পরিণত হবে। মাদকের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। মাদক নির্মূল করতে পারলে ইভটিজিংসহ অনেক অপরাধ কমে যাবে। ‘জিরো টলারেন্স’ বলতে কী বোঝায়, তা আমরা বাস্তবে দেখাব। মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান অব্যাহত থাকবে।
স্বাগত বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন,  মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। আমাদের আশপাশের প্রায় সব এলাকাতেই কোনো না কোনোভাবে মাদকের বিস্তার রয়েছে। মাদকের কারণে স্বামীর হাতে স্ত্রী, ভাইয়ের হাতে বোনসহ নানা ধরনের সহিংসতা ও হত্যাকা-ের ঘটনা ঘটছে। ফলে মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক নির্মূলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার কারণে সমাজে আইনশৃঙ্খলার অবনতিও হচ্ছে। তাই মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই সমাজ থেকে মাদক দূর করা সম্ভব হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির চাঁদপুর জেলার আহ্বায়ক মহবুব আলম, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মো: ইউনূছ, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসান মজুমদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, চাঁদপুর আল আমিন একাডেমীর ছাত্র ইমতিয়াজ ও শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আনহা।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চাঁদপুর শহরের চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইরফান আহমেদ। গীতা পাঠ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদ উদ্দিন,  চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী,চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড: কুহিনুর বেগম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর জেলা বিএনপির সাংবাদিক সাংবাদিক মুনির চৌধুরী ,চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর শহর শাখার সভাপতি অ্যাডভোকেট শাহজাহান খান,চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি রহিম বাদশা, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোাসিয়েশনের সভাপতি অ্যাড:ইয়াসিন ইকলাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী ।
সমাবেশ থেকে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এর আগে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম