চাঁদপুর স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ২-২ গোলের ড্র

জাতীয় ফুটবল লীগ ২০২৬-২৭

চাঁদপুর স্টেডিয়াম মাঠে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের ফুটবল খেলা উপভোগ করেন চাঁদপুর ৩ আসনের (সংসদ সদস্য) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। ছবি -ইয়াসিন ইকরাম।

চাঁদপুর: ​বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল লিগ ২০২৬-২৭-এর চাঁদপুর ভেন্যুর ম্যাচে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের গ্রুপ পর্বের এই ম্যাচের প্রথমার্ধে আরামবাগ ২-১ গোলে এগিয়ে ছিল।
​
দেশি-বিদেশি ফুটবলারদের সমন্বয়ে গড়া দুই দলই শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের জমিয়ে তোলে। ম্যাচের ১৪ মিনিটে ঘানার ফরোয়ার্ড ও ৯ নম্বর জার্সিধারী স্যামুয়েল ওসির গোলে আরামবাগ ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ওয়ান্ডারার্স; ২৩ মিনিটে রেদোয়ানের গোলে সমতায় ফেরে তারা। কিন্তু ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আরামবাগকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন ঘানার স্যামুয়েল ওসি।

​দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ঢাকা ওয়ান্ডারার্স। বিরতির পর ৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফাউল থেকে পাওয়া শর্ট পাসে বল পেয়ে নেপালের মিডফিল্ডার যুবরাজ দর্শনীয় প্লেসিং শটে আরামবাগের গোলকিপারকে পরাস্ত করেন। ২-২ গোলে সমতায় ফেরার পর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে। এই ড্রয়ের মাধ্যমে চলতি লিগে নিজেদের প্রথম পয়েন্টের দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

​চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচটি সরাসরি দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম