বাবার কবর জিয়ারত, মায়ের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় অ্যাড.শাহজাহান খান

চাঁদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

এবার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহজাহান খান। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগে নেমেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন শাহজাহান খান।

প্রচারণা শুরুর আগে তিনি মায়ের পা ছুঁয়ে সালাম করেন। এরপর তাঁর বাবা, সাবেক ইউপি সদস্য মরহুম সিরাজ খানের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি গণসংযোগে বের হন।

পরে স্থানীয় মুরুব্বিদের সঙ্গে নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে শাহজাহান খান মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নাগরিক সেবা সহজলভ্য করা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এসব উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম