চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপাদ্যে সারাদেশের মতো চাঁদপুরেও আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালিটি কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে যেন কোনো প্রবীণ একাকিত্ব, অবহেলা বা অনিরাপত্তায় না ভোগেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীল হতে হবে। তিনি পরিবারের সব সদস্যকে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়েও পরিবারের সদস্যদের নজর দিতে হবে।

সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়া প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়ামের পরামর্শ দেন। পাশাপাশি মানসিক চাপ কমিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম