চাঁদপুরে আটক ৩৭০ জনের মধ্যে ১৩ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুর :  কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুর জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ৩৫৭ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তবে মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের আটক করে তাদের পরিচয় ও বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মতলব উত্তর থানার ছয়জন, মতলব দক্ষিণ থানার একজন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকের সঙ্গে সম্পৃক্ত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক দুই মাদক কারবারির বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হয়। সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের সঠিকভাবে পরিচালনা এবং কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম