
কচুয়া (চাঁদপুর) : মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কচুয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
তিনি বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়,প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা।
পুলিশ সুপার বলেন, প্রতিটি পরিবার, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্ধ্যার পর আপনার ছেলে-মেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মিশে—সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্তানদের প্রতি দায়িত্বশীল নজরদারি থাকলে অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং ও পুলিশের পারস্পরিক সহযোগিতা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদক, কিশোর অপরাধসহ সকল ধরনের অপরাধপ্রবণতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির কোনো বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ওসি (তদন্ত) রাশেদুল হক।
এ সময় বক্তব্য রাখেন, কচুয়া পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, মাওলানা আবু হানিফ, সমাজসেবক প্রতিনিধি শাহ মোহাম্মদ জাকির উল্যাহ শাজিলী, ব্যবসায়ী প্রতিনিধি তরিকুল ইসলাম, ফখরুল ইসলাম, কচুয়া মডেল মসজিদের ইমাম মোঃ ফরহাদ হোসেনসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কচুয়া গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ফম/এমএমএ/



