‘ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ব্যবসায়ীদেরও জোরালো ভূমিকা রাখতে হবে’

চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জনগণ ইলিশ খেতে পারে না উচ্চ দাম দেখে। জনগণের চাহিদা আপনাদের বুঝতে হবে। আমার চিঠি দেওয়ার পর আপনারা বলেছেন ইলিশ নদীতে নেই। তাহলে ইলিশ উৎপাদনের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রেখেছেন? মা ইলিশ রক্ষার জন্যে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়। সে সময় আপনাদের ভূমিকা জোরালো করতে হবে।

রবিবার (১৩ জুলাই) রাতে মৎস বনিক সমবায় সমিতি কার্যালয়ে ইলিশের ভ্যালু চেইন উন্নয়নে মৎস্য ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তর এই সভার আয়োজন করে।

মৎস্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এক হন তাহলে কেউ অভিযানের সময় মাছ ধরতে পারবে না। ইলিশ মাছ বড় না হতে পারলে বা জাটকা মাছ মারবেন তখন ইলিশ উৎপাদন কিভাবে হবে। আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করলে কেউ অভিযানের সময় মাছ ধরতে পারবেন না। আমার আহবান থাকবে চাঁদপুর নিয়ে এবং ইলিশ নিয়ে আপনাদের ভাবা উচিত। আমাদের একসঙ্গে অনেকগুলা কাজ করতে হবে। আমি চাই ইলিশের প্রাচুর্য বাড়ুক।

জেলা প্রশাসক বলেন, বিভিন্ন জেলা থেকে অনেকে আসেন চাঁদপুরে ঘুরতে। যখন ঘুরতে আসে তখন তাদের মনে মনে চিন্তা করে যে ইলিশ কিনে নিয়ে যাবে। কিন্তু তারা যখন এখানে ইলিশ কিনতে আসে তখন তারা সেই ভালো পরিবেশ পায় না। কোথাও বসে খাওয়ার জন্যেও ভালো কোন পরিবেশ নেই। তাই আমরা এখানে ইলিশ ল্যান্ডিং করবো। যেখানে থাকবে ভালো পরিবেশ। সেই পরিবেশে সনাতনী ভাবে ইলিশ সংগ্রহ না করে ভালো পরিবেমে ভালোভাবে সঙগ্রহ করবে। মানুষ এসে সেখানে ভালোভাবে বসে খাওয়ার পরিবেশ পাবে।

জেলা মৎস কর্মকর্তা শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মৎস বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক মো. শবেবরাত প্রমূখ।

এ সময় চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ও সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম