চাঁদপুর : চাঁদপুরের চাঁদখার বাজারে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদখার বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান করায় মাতৃ মেডিকেল হল মালিক শুধাংশু চন্দ্র শর্মাকে ১০ হাজার টাকা, রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, কে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


