
চাঁদপুর : চাঁদপুরের মেঘনাপাড়ের উপজেলা হাইমচর। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ জনপদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। কৃষিনির্ভর এ উপজেলার ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে রয়েছে সুপারির আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত সুপারি সরবরাহ হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য।
উপজেলার বিভিন্ন হাটবাজার, সুপারির আড়ত ও উৎপাদন এলাকা ঘুরে এবং কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, হাইমচরের মেঘনার পূর্ব পাড়ের গ্রামগুলোতে বাড়ি, বাগান ও পানের বরজের চারপাশজুড়ে রয়েছে সুপারিগাছ। এমন অনেক বাড়ি রয়েছে, যেখানে সুপারিগাছ পারিবারিক সম্পদের অংশ হয়ে উঠেছে। চরাঞ্চল হওয়ায় এ এলাকার মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। আর সুপারি সেই কৃষিনির্ভর অর্থনীতিতে যুক্ত করেছে বাণিজ্যিক সম্ভাবনা।
বাংলা সনের ভাদ্র ও আশ্বিন মাসে সুপারির ফলন ও বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশে বসে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে এসব সুপারি নিয়ে যাওয়া হয় উপজেলার বৃহত্তম পাইকারি সুপারির আড়ত হাওলাদার বাজারে। সেখানে রয়েছেন ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী। তাঁরা স্থানীয়ভাবে সংগৃহীত সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।
এ ছাড়া স্থানীয় কিছু ব্যবসায়ী কাঁচা সুপারি কিনে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন। মৌসুম শেষে এসব সুপারি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ফলে মৌসুমি উৎপাদন হলেও সুপারি বাণিজ্য চলে বছরজুড়ে। স্থানীয় খুচরা পান বিক্রেতারাও এ সরবরাহব্যবস্থার মাধ্যমে সারা বছর সুপারি বিক্রির সুযোগ পান।
চরপোড়ামুখী গ্রামের কৃষক শরীফ মিজি বলেন, আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত সুপারির ফলন ও বিক্রি বেশি হয়। প্রতিবছর বাড়ির বাগানে উৎপাদিত সুপারি বিক্রি করে তিনি লাখ টাকার বেশি আয় করেন। তবে চলতি বছর উৎপাদন কম হওয়ায় প্রায় ৭০ হাজার টাকার সুপারি বিক্রি করতে পেরেছেন।
গন্ডামারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরে সুপারির ভালো উৎপাদন হলেও ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। নতুন করে সুপারিগাছ রোপণের প্রবণতা কমে যাচ্ছে। অনেকেই পুরোনো বাগান কেটে সেখানে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এতে দীর্ঘ মেয়াদে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, হাইমচরের সুপারি বাণিজ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বিদেশ থেকে সুপারি আমদানি করা হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশীয় উৎপাদকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
গন্ডামারা গ্রামের বাসিন্দা ও হাওলাদার বাজারের সুপারি ব্যবসায়ী আমির হোসেন পাটওয়ারী প্রায় ২০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ টাকার কাঁচা সুপারি কেনেন। কেনার পর আকার অনুযায়ী বড় ও ছোট সুপারি আলাদা করে পানিতে ভিজিয়ে সংরক্ষণ করেন। মৌসুম শেষ হলে সেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে রাজধানীর বাজারে হাইমচরের সুপারির ভালো চাহিদা রয়েছে।
হাওলাদার বাজারের সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী বলেন, চলতি বছর সুপারির বাজারদর তুলনামূলক ভালো। বর্তমানে ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকা। এ ছাড়া নারিকেল প্রতি জোড়া বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তাঁর দাবি, হাওলাদার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে বছরে ১০০ কোটি টাকার বেশি সুপারি কেনাবেচা হয়।
একই বাজারের প্রবীণ ব্যবসায়ী রব হাওলাদার প্রায় ৪০ বছর ধরে সুপারির ব্যবসা করছেন। তিনি বলেন, হাইমচর ছাড়াও পাশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে সুপারি এসে হাওলাদার বাজারের আড়তে বিক্রি হয়। শুধু এ বাজারেই বছরে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। সুপারি বিক্রির অর্থ দিয়ে অনেক পরিবার সারা বছরের সংসার খরচ নির্বাহ করে। এ ব্যবসাকে কেন্দ্র করে বহু পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়েছে।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, সুপারি এ উপজেলার জন্য একটি লাভজনক কৃষিপণ্য। বছরজুড়েই এ ফসলের আবাদ, সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চলে। চলতি বছর কৃষকেরা সুপারির ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা যাতে স্বাভাবিকভাবে সুপারি চাষ ও উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।


