
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে ইভটিজিং ও অসামাজিক কর্মকান্ড প্রতিবাদ করায় ইউনিয়ন জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি প্রবাসী মোঃ বিল্লাল হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গত (১৭ জুন) বুধবার রাতে ওই ইউনিয়নের নুরপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হামলা শিকার বিল্লাল হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিল্লাল হোসেন নুরপুর গ্রামের সফর আলী মুন্সিবাড়ি মৃত মিন্টু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিল্লাল হোসেন বুধবার রাতে নুরপুর বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামকে ১ লক্ষ ৪৬ হাজার টাকা দেওয়ার জন্য রওয়ানা হয়ে বাড়ির পাশে পাকা রাস্তার উপর গেলে পূর্ব হইতে ওৎ পাতিয়া থাকা বিবাদী ওই গ্রামের শাওন হোসেন, সামির হোসেন, টিপু হোসেন, হাসান, মহসিন, তারেকসহ সঙ্ঘবদ্ধ হয়ে চাইনিজ কুড়াল, ধারালো রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী বিল্লাল হোসেনকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করেন। বাদীর পরনের লুঙ্গির বাজে থাকা ১ লক্ষ ৪৬ হাজার টাকা টানা হেচড়া করে নিয়ে যায়। বাদীর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন বাদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি, রড ও দেশীয় অস্ত্র অস্ত্রের সরঞ্জাম দেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারও করেছেন।
তারা আরো জানান, এ ধরনের হামলাকারীরা এলাকায় আরো অন্যজনদেরকেও হামলা করতে পারে বলে আশঙ্কা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ জানান।
বিবাদীদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, বিবাদীকে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/



