আমার কাছে তালিকা আছে, কারা মাদক ব্যবসার সাথে জড়িত: এমপি মানিক

চাঁদপুর: চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার  (১৫ আগস্ট)  বিকেলে শহরের কদমতলা রাজবাড়ী কমিনিউটি সেন্টারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে দেশের উন্নয়নের চিন্তা করেন আমরা সেই ভাবেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। যদি আমরা সবাই একসাথে কাজ করি আস্তে আস্তে আল্লাহর রহমতে সবকিছু সমাধান হবে। আমি ৬ মাসে শিখেছি, আমার শেখা কাজগুলো সরকারের প্রশাসনের মাধ্যমে আপনাদের দিয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, আমরা অনেক ভাবে মাদক নির্মূলের চেষ্টা করছি। যারা মাদক ব্যবসা করেন তারা সমাজের সবচেয়ে বড় অপরাধী। আমার কাছে লিস্ট আছে, কারা মাদক ব্যবসার সাথে জড়িত। আপনারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ করবেন। যারা মাদক বিক্রি ও সেবক করে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন।

তিনি বলেন, আমরা সৌভাগ্যবান আজ ১৫ আগস্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন। গত ১৭ বছর  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন যেন না করতে পারি নিষিদ্ধ গোষ্ঠী দল প্রশাসন সহ নিজেরাই চড়া হতো আমাদের উপর। আজ তারা নিজেরাই ফাদে পড়েছে। আজ আমরা দেশমাতার জন্মদিন পালন করতে পেরেছি। হিন্দুরা সারা দেশের ন্যায় চাঁদপুরেও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আপনারা বিভিন্ন কমিটিতে তাদেরকে রাখার চেষ্টা করবেন। তাদের জন্য প্রত্যেকেই এলাকায় কাজ করবেন।

চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম