হাইমচরে নিষিদ্ধ কারেন্টজাল জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১৯ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সাহেবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অভিযানকালে বাজারের তিনটি গোডাউন থেকে ১৯ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় দোষ স্বীকার করায় ব্যবসায়ী শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদারকে (৩২) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

চাঁদপুর শহরের পুরান বাজার সুতা ব্যবসায়ীদের আলাপ করে জানাগেছে, জব্দকৃত ১৯ বস্তা কারেন্টজালের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর এবং হাইমচর উপজেলা মৎস্য বিভাগ সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুর ইসলাম বলেন, জব্দ করা কারেন্ট জাল তাৎক্ষনিক পরিমাপ করা সম্ভব হয়নি। বিধি মোতাবেক এসব জাল বিনষ্ট করার জন্য কোস্ট গার্ড ও হাইমচর উপজেলা মৎস্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম