রবিবার দৈনিক চাঁদপুর দিগন্তের দুই দশক পূর্তি

চাঁদপুর: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আপসহীন অবস্থান এবং গণমানুষের অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকার নিয়ে পথচলার দুই দশক পূর্ণ করতে যাচ্ছে চাঁদপুরের অন্যতম জনপ্রিয় পত্রিকা  ‘দৈনিক চাঁদপুর দিগন্ত’।

রবিবার (২ আগস্ট) পত্রিকাটি তার গৌরবময় প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণ করবে। ‘সত্য প্রকাশে অবিচল‘ শ্লোগানে ২০০৬ সালের এই দিনে একঝাঁক তরুণ ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীর সমন্বয়ে এবং চরাঞ্চলসহ পুরো জেলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয় নিয়ে পত্রিকাটির প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দুই দশক পূর্তি উপলক্ষে চাঁদপুর দিগন্ত পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করবেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও এসএমএন জামিউল হিকমা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। এরপর বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামী আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সকলকে এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ  জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. মো. শাহজাহান মিয়া। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

পত্রিকাটির নিয়মিত পাঠকেরা জানান, চাঁদপুর দিগন্ত শুধু একটি সংবাদপত্র নয়, এটি গত ২০ বছর ধরে চাঁদপুরের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। এর লেখনীর ধার ও নিরপেক্ষতা আগামীদিনেও বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে পত্রিকার সম্পাদক জানান, ২০ বছরের এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি কেবল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায়। আগামী দিনেও চাঁদপুর দিগন্ত চরের মানুষ ও চাঁদপুরবাসীর অধিকার রক্ষায় এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম