কার্যক্রম আরও গতিশীল করতে শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের ​শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

​সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

​সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন, পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক পারিবারিক ভ্রমণ আয়োজনের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সর্বসম্মতিক্রমে বেশ কিছু নীতিনির্ধারক সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা যথাযথ বাস্তবায়নের জন্য তিনটি বিশেষ উপকমিটি গঠন করা হয়।

​সভায় বক্তারা নবগঠিত উপকমিটিগুলোকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। এছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি সজল পাল, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল এবং সাধারণ সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান ও মো. হানিফ মিয়াজীসহ অন্যান্য নেতারা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম