চাঁদপুর: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্যজীবীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও হাডুডু খেলা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান।
হাডুডু খেলায় অংশ নেয় ফুলচান বর্মন দল ও মহাবীর বর্মন দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় মহাবীর বর্মন এর দল ৪ পয়েন্টে জয়লাভ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের পর অতিথিগণ চলে গেলে অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় স্থানীয় ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব ইসলাম ও সহ সভাপতি মোঃ ছালাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য মৎস্যজীবী ফুলচান বর্মন কে সাংবাদিকদের মাঝ থেকে বিদ্যালয়ের পিছনে ডেকে এলোপাথাড়ি মারধর করে, তার হাতে থাকা ৪০ হাজার টাকা দামের নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আছরে ভেঙে ফেলে।
মাহবুব ও ছালাম তাকে এলোপাথাড়ি মারধর করে তার গায়ে থাকা জামা কাপড় ছিরে ফেলে এবং পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়া যায়। সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাবু বাজার থেকে কনু মার্কেট নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মাহবুব ও সালাম আরো ক্ষিপ্ত হয়ে মৎস্যজীবী সদস্য মোঃ ইমাম হোসাইন কে একা পেয়ে গায়ে পিঠে এলোপাথাড়ি মারধর করে। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস কে জিজ্ঞাসা করিলে তিনি জানান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৎস্যজীবীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ কৃত দলগুলোর কাউকে অতিথি করার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন আমি ঘটনাটি জেনেছি, ভুক্তভোগী ফুলচান বর্মন ও ইমাম হোসাইন থানায় অভিযোগ দিলে ওসি সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, এ ঘটনায় আহত ফুলচান বর্মন অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, অভিযোগের বিষয়ে জানতে পেরেছি, সরকারি প্রোগ্রামে কোন স্থানীয় ব্যক্তি দাওয়াত দেওয়ার ক্ষমতা নেই, প্রতিষ্ঠান যদি দাওয়াত না দেয়। আমরা সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
ফম/এমএমএ/



