মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদন্ড

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর :  চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপারাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, শনিবার (১৮এপ্রিল) বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদরের আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।

অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্টজাল। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৩ জনের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড, ৬ জনকে পনের দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

জব্দ কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা কোস্ট গার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সাথে ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, কোস্টগার্ড ও নৌ পুলিশের দুটি দল।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম