ভালো স্বামী হতে কোটি টাকা লাগে না, লাগে একটু মনোযোগ

।। জুবাইয়া বিন্তে কবির।।  দাম্পত্য সম্পর্ক মানবজীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র অথচ সবচেয়ে স্পর্শকাতর সম্পর্কগুলোর একটি। এটি কেবল দুজন মানুষের এক ছাদের নিচে বসবাসের চুক্তি নয়। এটি ভালোবাসা, মায়া, সম্মান, সহমর্মিতা এবং পারস্পরিক বোঝাপড়ার এক দীর্ঘ পথচলা। এই পথে হাসি থাকে, অভিমান থাকে, কখনো মন খারাপের মেঘও জমে। প্রশ্ন হলো, এই মেঘের দিনে একজন স্বামী কেমন আচরণ করবেন? একজন স্ত্রী যখন কষ্টে থাকেন, তখন তাঁর পাশে দাঁড়ানোর ভাষাটা কেমন হবে? এই প্রশ্নের উত্তরে আমরা আজকাল খুঁজছি পাকিস্তানি সিরিয়ালের এক কাল্পনিক চরিত্রকে। নাম তার আবু বকর। অথচ এই প্রশ্নের সবচেয়ে পূর্ণ, সবচেয়ে মানবিক উত্তরটি চৌদ্দশ বছর আগেই দিয়ে গেছেন রাসুলুল্লাহ (সা.)।
মহান আল্লাহ তাআলা কুরআনে দাম্পত্যের উদ্দেশ্য বর্ণনা করে বলেছেন, “তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তিনি স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” [সূরা রূম: ২১]। এই আয়াতটি শুধু একটি ধর্মীয় বাণী নয়, এটি একটি মনস্তাত্ত্বিক সত্যও। আধুনিক মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক নিরাপত্তা আর গ্রহণযোগ্যতা খোঁজে। স্বামী-স্ত্রীর সম্পর্কে সেই নিরাপত্তা আসে টাকা থেকে নয়, আসে ‘আমাকে বোঝা হয়’—এই অনুভূতি থেকে। উম্মুল মুমিনীন সাফিয়া (রা.)-এর ঘটনাটি মনে করুন। একদিন রাসুলুল্লাহ (সা.) ঘরে এসে দেখলেন, সাফিয়া (রা.) মন খারাপ করে বসে আছেন। কারণ জানতে চাইলে তিনি বললেন, অন্য একজন তাঁকে ‘ইহুদির মেয়ে’ বলে সম্বোধন করেছেন। ইসলাম গ্রহণ করে নবীজির ঘর আলোকিত করা একজন নারীর জন্য এই কথাটি ছিল গভীর আঘাতের।
রাসুলুল্লাহ (সা.) তখন তাঁকে ধমক দেননি, তাঁর কষ্টকে ছোট করে বলেননি— “এতটুকু কথা নিয়ে মন খারাপ করার কী আছে?” বরং অত্যন্ত স্নেহ ও মর্যাদার সঙ্গে বললেন, “তুমি তাকে কেন বললে না, আমার বাবা হারুন (আ.) ছিলেন একজন নবী, আমার চাচা মুসা (আ.) ছিলেন একজন নবী এবং আমার স্বামী মুহাম্মদ (সা.) একজন নবী।”এই এক বাক্যে তিনি সাফিয়া (রা.)-এর আত্মমর্যাদা ফিরিয়ে দিলেন, তাঁর মনোবল বাড়িয়ে দিলেন। বুঝিয়ে দিলেন, একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর হৃদয়কে শক্তি ও প্রশান্তি দেওয়া। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় একেই বলে ‘ভ্যালিডেশন’—অনুভূতিকে স্বীকৃতি দেওয়া। গবেষণা বলছে, দাম্পত্য কলহের বড় কারণ অর্থের অভাব নয়, অনুভূতির অবমূল্যায়ন। যখন স্ত্রী কষ্ট পেয়ে শোনেন, “এসব নাটক কোরো না”, “এত আবেগপ্রবণ হওয়ার কী আছে?”, তখন তাঁর কষ্ট দ্বিগুণ হয়। আর যখন শোনেন, “আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে”, তখন অর্ধেক কষ্ট সেখানেই গলে যায়।
রাসুলুল্লাহ (সা.) ছিলেন এই বোঝার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি আয়েশা (রা.)-কে স্নেহভরে ‘হুমায়রা’ বলে ডাকতেন, তাঁর সঙ্গে হাসি-ঠাট্টা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন, সফরে সঙ্গে নিতেন। একবার আয়েশা (রা.) অভিমান করলে তিনি বলেছিলেন, “আমি বুঝতে পারি, তুমি কখন আমার ওপর সন্তুষ্ট থাকো আর কখন অসন্তুষ্ট থাকো।” আয়েশা (রা.) অবাক হয়ে জানতে চাইলেন, কীভাবে? তিনি বললেন, “তুমি যখন সন্তুষ্ট থাকো তখন বলো— মুহাম্মদের রবের কসম; আর যখন অসন্তুষ্ট থাকো তখন বলো: ইব্রাহিমের রবের কসম।” এ কথা শুনে আয়েশা (রা.) মুচকি হেসে ফেললেন।
ভাবুন, একজন স্বামী তাঁর স্ত্রীর কথার সুরের পরিবর্তনটুকুও খেয়াল করছেন। এটাই মনোযোগ। এটাই প্রেমের সর্বোচ্চ বিজ্ঞান। আর এখানেই এসে মিলে যায় আবু বকর চরিত্রটি। পাকিস্তানি সিরিয়াল ‘দার-ই-নিজাত’-এর আবু বকর সম্প্রতি বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করেছে। শেহরিয়ার মুনাওয়ার অভিনীত এই চরিত্রের হাতে দামি গাড়ি নেই, প্রাসাদ নেই, বিদেশি ব্যাংকের হিসাব নেই। আছে শান্ত স্বভাব, সংযম, দায়িত্ববোধ, মানবিকতা ও নৈতিক দৃঢ়তা। সে স্ত্রীর কথা শোনে, তার পছন্দ মনে রাখে— যেমন জারিয়াবের পাস্তার প্রতি ভালো লাগা। বিপদে পাশে দাঁড়ায়। মতের অমিল হলে সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হইচই পড়ে গেছে। কেউ তাকে আদর্শ স্বামী বলছেন, কেউ স্বপ্নের পুরুষ। কেউ আবার নিজের স্বামীকে ট্যাগ করে বলছেন, আবু বকরের মতো হও। সম্প্রতি BBC র এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক Haroon Rashid কে দেওয়া সাক্ষাৎকারে শেহরিয়ার নিজেও বলেছেন, ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আবু বকরের বেশ কিছু মিল আছে। তিনি পুরুষদের পরামর্শ দিয়েছেন— সঙ্গীর খুঁটিনাটি মনে রাখুন, মনোযোগ দিয়ে কথা শুনুন, ছোট ছোট বিষয়ে যত্ন প্রকাশ করুন, অনুভূতিকে গুরুত্ব দিন।
কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু আমাদের সমাজে এই সাধারণ উপলব্ধিটুকুই কখনো কখনো অসাধারণ হয়ে ওঠে। কারণ আমাদের নাটক-সিনেমায় দীর্ঘদিন ধরে নায়ক বলতে বোঝানো হয়েছে সুদর্শন, সাহসী, বিত্তবান কিংবা বিপ্লবী কোনো পুরুষকে। তিনি প্রেমিকার জন্য পাহাড় ডিঙাবেন, নদী পেরোবেন। কিন্তু বিয়ের পর সেই নায়কই অনেক সময় স্ত্রীর একটি সাধারণ অনুরোধ শুনতে পান না। প্রেমের সময় যিনি ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন, সংসার শুরু হওয়ার পর তাঁর কাছে স্ত্রীর পাঁচ মিনিটের অভিযোগও অসহ্য মনে হয়। প্রেমের আগে যিনি বলতেন, ‘তোমার জন্য সব করতে পারি’, বিয়ের পর তাঁকে বাজার থেকে এক কেজি পেঁয়াজ আনতে বললে মনে হয়, পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্বটি বুঝি তাঁর কাঁধে চাপানো হয়েছে! আবু বকর এই চেনা পুরুষতান্ত্রিক চরিত্রের বিপরীত। তাঁর জনপ্রিয়তার মধ্যে এক নীরব সামাজিক বার্তা আছে। ভালো স্বামী হওয়ার জন্য কোটি টাকার ব্যাংক ব্যালান্স লাগে না, বিদেশি গাড়ি লাগে না, প্রতিদিন দামি উপহারও দিতে হয় না। প্রয়োজন মনোযোগ, সহমর্মিতা, শ্রদ্ধা এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা।
এই বার্তাটি একজন নারী গবেষক হিসেবে আমি আরও গভীরভাবে অনুভব করি। আমাদের সমাজে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। তাঁরা অফিস করছেন, ব্যবসা করছেন, সন্তান বড় করছেন, বৃদ্ধ মা-বাবার খোঁজ রাখছেন, আবার সংসারের অদৃশ্য দায়িত্বের বড় অংশও বহন করছেন। দিনের শেষে তাঁদের ক্লান্তি, মানসিক চাপ কিংবা ব্যক্তিগত সময়ের প্রয়োজন অনেক সময় পরিবারের চোখেই পড়ে না। স্বামী যদি মনে করেন, উপার্জন করলেই তাঁর দায়িত্ব শেষ, তাহলে সংসারটি আর দুজনের থাকে না; একজনের শ্রমে চলে, অন্যজনের শ্রমে টিকে থাকে। সমস্যা হলো, আমাদের অনেক পুরুষ এখনো স্ত্রীর যত্ন নেওয়াকে বিশেষ অনুগ্রহ বলে মনে করেন। স্ত্রী অসুস্থ হলে এক কাপ চা বানিয়ে দেওয়া যেন বিরাট কৃতিত্ব। সন্তানকে কিছুক্ষণ দেখাশোনা করলে মনে হয়, বাবার দায়িত্বের বাইরে অতিরিক্ত কোনো কাজ করে ফেলেছেন। অথচ সন্তান লালন-পালন যেমন মায়ের দায়িত্ব, তেমনি বাবারও। রান্না, ঘর গোছানো, বাজার করা কিংবা অসুস্থ মানুষের সেবা— এসব কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য বরাদ্দ কাজ নয়।
মনোবিজ্ঞান বলে, দাম্পত্যের সুখ নির্ভর করে ‘ছোট মুহূর্তের’ ওপর। বিখ্যাত মনোবিজ্ঞানী John Gottman-এর গবেষণায় দেখা গেছে, যে দম্পতিরা প্রতিদিন ছোট ছোট আবেগের ডাকে সাড়া দেন— একটি প্রশ্ন, একটি চাহনি, একটি ক্লান্ত মুখ দেখে এক কাপ চা এগিয়ে দেওয়া— তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এটাই নববী সুন্নাহ। এটাই আবু বকরের জনপ্রিয়তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে এখানে একটি সতর্কবার্তাও আছে। আবু বকরকে এতটাই আদর্শ বানিয়ে ফেলা হচ্ছে যে, বাস্তব জীবনের স্বামীদের পক্ষে তাঁর সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে যেতে পারে। কাল্পনিক চরিত্রের সুবিধা হলো, চিত্রনাট্যকার তাঁকে নিজের ইচ্ছেমতো সাজাতে পারেন। বাস্তব স্বামীর অফিস আছে, বাজারের হিসাব আছে, যানজট আছে, অসুস্থতা আছে, মেজাজ খারাপ হওয়ার দিন আছে। বাস্তব স্ত্রীরও আছে নিজস্ব সীমাবদ্ধতা, ভুল, রাগ ও অভিমান। ফলে বাস্তব সংসারকে কোনো টেলিভিশন সিরিয়ালের নিখুঁত দৃশ্যের সঙ্গে মেলানো উচিত নয়। আবু বকরকে ভালো লাগুক, কিন্তু তাঁকে দিয়ে বাস্তব মানুষের অসম্ভব পরীক্ষা নেওয়া ঠিক হবে না।
আবার এই অজুহাতে পুরুষদের দায়িত্ব এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। ভালোবাসা মানে সব সময় স্ত্রীর সঙ্গে একমত হওয়া নয়। মতবিরোধ থাকবে, তর্ক হবে, কখনো রাগও হবে। কিন্তু মতের অমিল হলেই অপমান করা, চুপ করিয়ে দেওয়া কিংবা নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ভালোবাসা নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।” একজন মানুষের প্রকৃত মহত্ত্ব প্রকাশ পায় তার ঘরের মানুষের সঙ্গে আচরণের মাধ্যমে।
তাই আজ প্রত্যেক স্বামীর উচিত নিজেকে কয়েকটি প্রশ্ন করা আমি কি স্ত্রীর কষ্টকে গুরুত্ব দিই? আমি কি তার মনের কথা শোনার জন্য সময় বের করি? আমি কি তার ভালো দিকগুলো তাকে স্মরণ করিয়ে দিই? আমি কি রাসুলুল্লাহ (সা.)-এর মতো তার হৃদয়কে খুশি করার চেষ্টা করি?
একইভাবে স্ত্রীদেরও মনে রাখা দরকার, সম্পর্ক কখনো একপেশে হতে পারে না। আবু বকর যেমন দীর্ঘদিন ধরে জারিয়াবকে পছন্দ করলেও প্রকাশ করেনি, তেমন দ্বিধায় না থেকে নিজের অনুভূতি প্রকাশ করা, স্বামীর সীমাবদ্ধতাকে বোঝা এটাও সুস্থ দাম্পত্যের অংশ। কারণ নিজে ভালো না থাকলে সঙ্গীকেও ভালো রাখা যায় না।
শেষ পর্যন্ত বাঙালি রমণীদের আবু বকরের মতো কাউকে স্বামী হিসেবে পাওয়ার প্রয়োজন নেই। তাঁদের প্রয়োজন এমন একজন জীবনসঙ্গী, যিনি তাঁদের মানুষ হিসেবে দেখবেন। তাঁরা শুধু ভালোবাসা চান না; তাঁরা সম্মান, নিরাপত্তা, সমান অধিকার এবং নিজের মতো করে বেঁচে থাকার সুযোগও চান। একই কথা বাঙালি পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁদেরও প্রয়োজন এমন একজন সঙ্গী, যিনি তাঁদের অনুভূতি বুঝবেন, সম্মান করবেন এবং জীবনের কঠিন সময়ে পাশে থাকবেন। আবু বকরকে নিয়ে হাসাহাসি চলুক, ট্রল হোক, বাঙালি নারীদের রসিকতাও চলুক ‘আমি দেখে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য মেয়ে হলে কবেই চলে যেত!’ এই রসিকতার আড়ালে যে অভিমান, যে দীর্ঘ সংসারজীবনের অভিজ্ঞতা লুকিয়ে আছে, তা আমাদের বুঝতে হবে। কিন্তু এই হাসির আড়ালে যদি একজন স্বামী আরেকটু যত্নশীল হতে শেখেন, একজন স্ত্রী নিজের প্রত্যাশার কথা আরও স্পষ্ট করে বলতে পারেন, কিংবা কোনো দম্পতি নিজেদের সম্পর্কের দিকে নতুন করে তাকান, তাহলেই আবু বকরের বাংলাদেশ সফর সার্থক।
কারণ, দিন শেষে সংসারে আবু বকর নামের কোনো চরিত্রের প্রয়োজন নেই; প্রয়োজন এমন একজন মানুষের, যিনি পাশে থাকেন। আর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় এটাই-যাঁর সঙ্গে সংসার করছেন, তাঁকে যেন কখনো মনে না হয়, অন্য কেউ হলে জীবনটা আরও ভালো হতো।
লেখক: জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট।

ফোকাস মোহনা.কম