চাঁদপুর : চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম বিক্রি, বিদেশি প্রসাধনীতে আমদানিকারকের স্টিকার না থাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফ্যামিলি মার্টকে ১০ হাজার টাকা এবং অনন্যা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, ফ্যামিলি মার্টে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার ছিল না এবং নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে অনন্যা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
অভিযানের অংশ হিসেবে মার্কেটের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফম/এমএমএ/


