ঢাকার সিটি ক্লাব মাঠে দুর্দান্ত জয় দিয়ে সূচনা ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির

ঢাকা: ঢাকার মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব গ্রাউন্ডে জমজমাট আয়োজনে শুরু হওয়া ‘সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ দুর্দান্ত ও রোমাঞ্চকর জয় দিয়ে শুভসূচনা করেছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি।

রোববার (৮ নভেম্বর) টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা ক্রিকেটার্স একাডেমির বিপক্ষে এই জয়ে চাঁদপুর জেলা ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার।

ম্যাচে টসে জয়লাভ করে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির অধিনায়ক রাতুল দাস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বোলিংয়ের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ক্লিন চাঁদপুরের আঁটসাঁট বোলিং আক্রমণের মুখে পড়ে প্রতিপক্ষ দল। নির্ধারিত ওভারের আগেই ১৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে তারা ১৩৭ রান সংগ্রহ করে। ক্লিন চাঁদপুরের পক্ষে বোলিংয়ে আলভী ৩টি এবং ফারিদ ও মারিন ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মাত্র ১১.২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় (১৪১/২)। দলের হয়ে বিধ্বংসী ও দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ৯১ রান (৩১ বলে) সংগ্রহ করে ম্যাচসেরা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মেহনাব চৌধুরী মারিন। এছাড়া দলের জয়ে উদ্বোধনী ব্যাটার আলভী ৩০ রান এবং রতুল ও মিসকাত দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রধান কোচ পলাশ কুমার সোমের তত্ত্বাবধানে দলের এই জয় টিম স্পিরিটের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত থেকে তরুণ ক্রিকেটারদের সার্বক্ষণিক উৎসাহ দেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড: নুরুল আমিন খান আকাশ।

এছাড়া মাঠে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির সভাপতি এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়সাল খান, এবং ব্যবস্থাপনা টিম।

খেলা পরিচালনা করেন আম্পায়ার একরামুল হক ডিউক ও নাজমুল হোসেন মাসুদ এবং ধারাভাষ্যে ছিলেন তারিক সুজন।

দলের এই জয়ে আনন্দ প্রকাশ করে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড: নুরুল আমিন খান আকাশ বলেন, আমাদের তরুণ ক্রিকেটাররা ঢাকার মাঠে নিজেদের প্রতিভা ও সাহসিকতার প্রমাণ দিয়েছে।
সঠিক অনুশীলনের মাধ্যমে এই তরুণেরাই একদিন দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

একাডেমির সভাপতি এনাম চৌধুরী বলেন, প্রথম ম্যাচের এই জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

সুশৃঙ্খল খেলা ও মাঠের বোঝাপড়াই আমাদের এই বড় জয় এনে দিয়েছে।

ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান বলেন, ক্রিকেট কেবল জয়-পরাজয়ের খেলা নয়, এটি ধৈর্য ও মেধা বিকাশের সেরা মঞ্চ। আমাদের ছেলেরা কৌশলগত শৃঙ্খলা বজায় রেখে যেভাবে লড়েছে, তাতে আমি বিশ্বাস করি এই দল একদিন চাঁদপুরের নাম আরও অনেক দূরে নিয়ে যাবে।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম