চাঁদপুরে পুলিশের অভিযানে ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর : চাঁদপুরে জেলার বিভিন্ন থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায় , অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।

এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুই জন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম